প্রকাশিত: Sat, Dec 2, 2023 10:56 AM
আপডেট: Tue, Apr 28, 2026 6:39 AM

[১]সুষ্ঠু নির্বাচনের নমুনা দেখতে পাচ্ছি : তৈমুর আলম খন্দকার

মোশতাক আহমেদ শাওন: [২] নারায়ণগঞ্জ: মিছিলে অস্ত্র প্রদর্শন ও শোডাউন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে নির্বাচন কমিশন শোকজ করায়  এ মন্তব্য করেন তৃণমূল বিএনপির মহাসচিব। 

[৩] শুক্রবার নারায়ণগঞ্জ শহরের মাসদাইর পৌর কবরস্থান জামে মসজিদে নিজের ভাগ্নে মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশু’র দাফন ও দোয়া শেষে তিনি একথা  বলেন। 

[৪] নির্বাচন কমিশনের প্রতি সন্তোষ প্রকাশ করে তৈমুর আলম খন্দকার বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এবার সুষ্ঠু নির্বাচন হবে। অস্ত্রসহ মিছিল করার দায়ে সরকারি দলের প্রার্থী ও মন্ত্রীকে নির্বাচন কমিশন শোকজ করায় সুষ্ঠু নির্বাচনের সেই নমুনা দেখতে পাচ্ছি।

 [৫] সরকারি দলের প্রার্থী ও মন্ত্রী হওয়ার পরেও নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করায় তৈমুর আলম মনে করেন এই শোকজের কারণে অস্ত্রবাজি কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে। তিনি আশা করেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রশাসন কাজ করবে। 

[৬] নির্বাচনে প্রতিবন্ধকতার সম্মুখীনের প্রশ্নে তৈমুর আলম বলেন, আল্লাহর ওপর বিশ্বাস ও ভরসা রেখে সব সময় চলি। যেখানে প্রতিবন্ধকতা হয়েছে সেখানে আল্লাহকে স্মরণ করে প্রতিরোধ করেছি। তবে জনসমর্থন বা অন্য কোনোদিক দিয়ে হেরে যাইনি। মাঝেমধ্যে টাকার কাছে হেরে যাই। তবে আমাকে নেতা বানিয়েছেন নারায়ণগঞ্জ শহরের মানুষ। আমি যখন নির্বাচন করি দল-মত নির্বিশেষে সবাই আমার পাশে থাকেন। সম্পাদনা : মুরাদ হাসান